হিদায়েতের জার্নি কতদূর?
হিদায়াত পাওয়ার পর মানুষ কেন দ্বীনের পথ থেকে ছিটকে পড়ে? ঈমানের কাচের বলয় ও ফিতনার ট্রিগারগুলো নিয়ে এক আত্মিক বিশ্লেষণ।
কখনো কি ভেবে দেখেছেন, হিদায়াতপ্রাপ্ত ছেলে-মেয়েরা কেন ঝরে যায়? আপনারই এক বন্ধু—হঠাৎ দেখলেন নামাজ পড়া শুরু করলো, ভালো ভালো কথা বলা শুরু করলো, সব কাজেকর্মে দ্বীনের কথা টেনে আনতে শুরু করলো, টাইমলাইনে ইসলামিক পোস্ট দেওয়া শুরু করলো; তারপর কিছুদিন যেতে না যেতেই দেখলেন ধীরে ধীরে আবার আগের মতো দ্বীনহীন লাইফস্টাইলে ফিরে গেলো।
এবার চলুন আপনাকে বড়সড় করে একটা উদাহরণ দেই। হারিকেন দেখেছেন কখনো? বিলুপ্তপ্রায় এক আলোর প্রদীপ। হারিকেনের ভেতর যেই আগুন জ্বালানো থাকে, তাকে ঘিরে থাকে একটি কাচের বলয়। কেন? কারণ, কোনো বহিরাগত বাতাস বা শক্তি যেন সহজেই আলোটাকে নিভিয়ে দিতে না পারে। আর হারিকেনের সেই আলোটাকে আরও বেশি প্রদীপ্ত করে তুলতে বাড়াতে হয় কেরোসিনের মাত্রা।
ভেতরের সেই আলোটা হচ্ছে আল্লাহর দেওয়া সেই নূর—সেই হিদায়াত। আর সেই হিদায়াতটাকে আগলে রাখতে লাগে একটি শক্ত কাচের বলয়, যেটা হচ্ছে আপনার ঈমান। আর সেই ঈমান যদি হয়ে যায় নড়বড়ে, তাহলে মৃত্যুর আগঅব্দি দ্বীনের পথে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়।
কোন ফিতনাগুলো ঈমানের বলয়কে ভেঙে দেয়?
কী এমন ফিতনা যেগুলোর কারণে মানুষ ছিটকে পড়ে দ্বীনের পথ থেকে—যা সেই কাচের বলয়কে ধীরে ধীরে করে তোলে ভঙ্গুর, আর একসময়ে ভেঙেচুরে নিভিয়ে দেয় হিদায়াতের আলোটাকে?
- নন-মাহরামের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা ও চোখের হেফাজত না করা
- হারাম বাদ্যযন্ত্র ও গান-বাজনা থেকে দূরে না থাকা
- মাদকদ্রব্য ও অশ্লীলতা (পর্নোগ্রাফি) পরিত্যাগ না করা
- প্রতিনিয়ত ইসলামিক জ্ঞানের চর্চায় না থাকা
- অহংকার লালন করা এবং হারাম কাজ করার পর অনুতপ্ত না হওয়া
- ধৈর্যশীল না হওয়া এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া না করা
আরও কত কী! খুঁজে বের করুন সেই ট্রিগারগুলো, যেগুলো আপনার হারিকেনের কাচের বলয়কে দুর্বল করে দেয়। আপনার আগ্রহ আর প্রচেষ্টাই বলে দেবে আপনি কতটা অনুগত আপনার রবের প্রতি।
“আল্লাহ তাদের অন্তরে ও কানে মোহর মেরে দিয়েছেন…”
— সূরা আল-বাকারা (২:৭)
এরপরও যদি আমরা এসব ফিতনায় জড়িয়ে থাকি, তবে অন্তর শক্ত হয়ে যাওয়ার ভয় থেকেই যায়। তবে হতাশ হওয়ার কিছু নেই—নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।
— জাহিদুল (২০২২) • হিদায়েতের জার্নি
