অদ্ভুত পরিবেশ
ইতিকাফের নীরব রাত, মসজিদের প্রশান্ত পরিবেশ এবং আখিরাতের অনন্ত গন্তব্য নিয়ে এক গভীর আত্মিক অনুভব — ইতিকাফের দিনগুলি (২০২২)।
নিরিবিলি এক পরিবেশ। কক্ষের ভেতর ঢুকতেই মনে হলো গোটা দেহ আর অন্তর জুড়ে শীতল এক বায়ু বয়ে গেলো। জুতোজোড়া জায়গা মতো রেখেই পা দুটো গুটিয়ে বসে পড়লাম কক্ষের মাঝ বরাবর স্থানে। মাথা বরাবর সামনে লক্ষ্য করলাম একটি আধুনিক ঘড়ি, যাতে থেমে নেই সময়।
আশপাশে কিছু অপেক্ষমান চোখ সেই ঘড়িটির দিকে চেয়ে রয়েছে। বাকিরা নির্বাক হয়ে বসে আছে, যেন সময় আর বেশি নেই। নিজেদের কত-শত কাজ রেখে তারা এখানে এসেছে; কিন্তু সবার উদ্দেশ্য একই।
কী এক থমথমে প্রশান্তি বিরাজ করছে সবার মাঝে! সৃষ্টিজগতের এক অদ্ভুত ক্ষুদ্র পরিবেশে অবস্থান করছি, যেখানে নেই কোনো অবিশ্বাসী।
সবার মধ্যেই ভীতি রয়েছে, সবাই যেন এক চূড়ান্ত পুরস্কারের আশায় রয়েছে; সবার মধ্যেই যেন শাস্তির এক কঠিন ভয় বিরাজমান, সবাই যেন একই গন্তব্যস্থলের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এসেছে।
গন্তব্যস্থল? এটা আবার কোথায়? এটা কি সেই জায়গা—যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তর তা কল্পনাও করতে পারেনি? যেখানে পৌঁছানো মানেই চূড়ান্ত সফলতা লাভ করা; যেখানে নেই কোনো সময়, নেই কোনো ভয়; যেখানে রয়েছে অনন্তকালের শান্তি, যেখানে সবাই থাকবে সন্তুষ্ট, যেখানে কেউ কখনো ক্লান্ত হয় না; যেখানে এক বৃক্ষের ছায়াতলে কোনো প্রশিক্ষিত সওয়ারি একশ বছর সওয়ার করলেও সেই ছায়াতল পার করতে পারবে না?
আহা! কী এক কল্পনায় ডুবে ছিলাম। এরই মধ্যে কেউ একজন কল্পনার জগতটাকে ভেঙে দিয়ে আমার পেছন থেকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেলো, যেন তিনিই এখন সবাইকে নেতৃত্ব দেবেন। নিমিষেই অপেক্ষমান প্রাণগুলো দাঁড়িয়ে গেলো, আর কিছুক্ষণ পরেই কানে ভেসে আসলো উচ্চস্বরে এক আওয়াজ—
“আল্লাহু আকবর! আল্লাহু আকবর!”
— জাহিদুল (২০২২) • ইতিকাফের দিনগুলি
