Post

My Duas to Allah

একজন গুনাহগার বান্দার বিনয়ী মুনাজাত, সবর, হালাল রিযিক এবং আল্লাহর রহমতের প্রত্যাশায় হৃদয়ের আকুতি — ইতিকাফ ২০২২।

ও আমার রব! গুনাহের ভারে নুইয়ে পড়া এই পাপীকে আপনি ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও দয়ালু।

ইয়া আল্লাহ! আমি দীর্ঘকাল যাবৎ সবর করে আসছি। এখন আমার এই ক্লান্ত আত্মা, আঘাতপ্রাপ্ত হৃদয় আর জলভরা চক্ষুযুগল একমাত্র আপনারই অনুগ্রহের মুখাপেক্ষী।

হে খোদা! আমাকে আপনার রিযিকের ভান্ডার থেকে উত্তম রিযিক দান করুন। আমার এই অশান্ত মনকে প্রশান্তি দেয়—এমন রিযিক আমায় দিন; আমাকে হালাল জীবিকার পথ দেখিয়ে দিন। আমার চরিত্র হেফাজতের জন্য আমায় একজন নেককার ও চক্ষু শীতলকারিণী জীবনসঙ্গিনী দান করুন, যার মাধ্যমে নেককার সন্তানের তাওফিক লাভ হয়।


ইয়া রব! আমি জানি না কীভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দেবেন। আমি জানি না কীভাবে চাইলে আপনি আমার চাওয়া পূরণ করবেন। আমি জানি না কীভাবে হাত ওঠালে আপনি তা পূর্ণ করে দেবেন, কিংবা কীভাবে দোয়া করলে আপনি তা কবুল করবেন।

কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন। আপনিই তো কুরআনে বলেছেন—“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।” আপনিই তো বলেছেন, বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন। সুতরাং আমার অসহায় প্রার্থনাগুলো আপনি কবুল করে নিন।

আমি অযোগ্য—তবুও আমার যোগ্যতার বাইরে আপনি আমাকে অনেক কিছুই দিয়েছেন। ইয়া রব! আপনার কাছে দোয়া করে তো আমি কখনো নিরাশ হইনি। আমি জানি, আমি ছাড়া আপনার আরও অনেক উত্তম বান্দা আছে; কিন্তু আমার তো আপনি ছাড়া আর কেউ নেই, ইয়া মালিক!

আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আর কেউ নেই আপনি ছাড়া। ইয়া রব! আমি দুর্বল; আমার কঠিন ধৈর্যের পরীক্ষা নেবেন না—আমি সেটার উপযুক্ত নই। আমার জন্য প্রতিটি পরীক্ষা সহজ করে দিন।

আপনি আমার ডাকে সাড়া দিন, ইয়া আল্লাহ। আমার দুঃখ-দুর্দশা দূর করে দিয়ে আমার হালাল চাওয়া-পাওয়াগুলো পূরণ করে দিন, ইয়া মালিক; আর আমাকে আপনার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমার এই খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন।

— জাহিদুল (২০২২) • ইতিকাফ মুনাজাত

This post is licensed under CC BY 4.0 by the author.