ইতিকাফ ২০২৪: রিযিক ও শুকরিয়ার এক ছোট্ট গল্প
ইতিকাফের এক ইফতারে রিযিক বৃদ্ধির কুরআনিক দোয়া ও শুকরিয়া আদায়ের বাস্তব অভিজ্ঞতা — সূরা আল-মায়িদাহ (৫:১১৪) ও সূরা ইবরাহিম (১৪:৭)।
ছোট্ট একটা কাহিনি বলি আজকের—
ইতিকাফের দিনগুলোতে ৩ তলায় মাদ্রাসার ফ্লোরে সবাই মিলে ইফতার করবে বলে ঠিক হলো; মেনুতে খিচুড়ি আর গরুর মাংস। সবাই মিলে বসে গেলাম।
বসার পর দূরে এক আংকেল তাঁর প্লেটটা ফেরত দিলেন—প্লেটে হাড্ডি বেশি পড়েছিল। ঘটনাক্রমে প্লেটটা ঘুরতে ঘুরতে এসে পড়লো ঠিক আমার সামনে। সবার জুনিয়র হওয়ায় চুপ করে ভাবলাম, রিযিকে যা আছে তাই আলহামদুলিল্লাহ। আর মনে মনে কয়েকবার ঈসা (আ.)-এর রিযিক বৃদ্ধির দোয়াটা পড়লাম:
“Wa-rzuqna wa anta Khayrur-Raziqeen” (আর আমাদের রিযিক দান করুন, নিশ্চয়ই আপনিই সর্বোত্তম রিযিকদাতা)
— সূরা আল-মায়িদাহ (৫:১১৪)
হঠাৎ সামনের সবচেয়ে সিনিয়র একজন তাঁর বেশি মাংসওয়ালা প্লেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন এক্সচেঞ্জ করতে—কারণ উনি অতগুলো মাংস খেতে পারবেন না। I was like: Alhamdulillah! খেতে খেতেও মনে মনে শুকরিয়া আদায় করতে থাকলাম।
খাওয়া শেষে মন চাইলো আরেকটু নেই, কিন্তু পাতিল তখন শেষ। ঠিক সেই মুহূর্তেই পাশের ভাইয়া বললেন তাঁর এলার্জি আছে—তাই নিজের ভাগের পুরোটুকুই আমাকে দিয়ে দিলেন। পরক্ষণেই আল্লাহর সেই চিরন্তন আয়াতটা মনে পড়ে গেলো:
“যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেবো।”
— সূরা ইবরাহিম (১৪:৭)
— জাহিদুল • ইতিকাফ ২০২৪
